"নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি কোন গ্রামের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।
উত্তর: "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি নীলগঞ্জ গ্রামের প্রতিচ্ছবি। '১৯৭১' উপন্যাসে লেখক হুমায়ূন আহমেদ প্রত্যন্ত গ্রামে নীলগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বাত্মক যুদ্ধ। সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশের সর্বস্তরের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে সকল নগরবন্দর গ্রামগঞ্জে সেই যুদ্ধ বিস্তার করে। এরই সূত্র ধরে ১৯৭১ সালের পয়লা মে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনী। নীলগঞ্জ একটি প্রত্যন্ত নিস্তরঙ্গ গ্রাম। দুর্গম পথ পাড়ি দিয়ে এ গ্রামে আসতে হয়। যাতায়াত ব্যবস্থাও অনুন্নত। কৃষিপ্রধান এ গ্রামে ত্রিশ-চল্লিশঘর কৃষকের বসবাস। অসামরিক এ গ্রামে হানাদার বাহিনীর প্রবেশ গ্রামের শৃঙ্খলা ভঙ্গ করে দেয়। হানাদার বাহিনী নীলগঞ্জ গ্রামে প্রবেশ করেই গ্রামের ক্ষয়িষ্ণু জমিদার নীলু সেনকে নির্মমভাবে হত্যা করে। মসজিদের ইমাম সাহেবকে ও স্কুলের প্রধান শিক্ষক আজিজ মাস্টারকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মিলিটারি সুবাদার ও রাজাকাররা মিলে সফদরউল্লাহর কিশোরী শ্যালিকা ও স্ত্রীকে ধর্ষণ করে। 'মনা ও বিরুকে হত্যা করে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। অসুস্থ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার সংবাদ পেলে কৈবর্তপাড়ায় আগুন ধরিয়ে দেয়। বাঙালিদের পক্ষে কথা বলায় এবং জাতিগত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্মম হত্যার শিকার হতে হয় রফিককে। পাকিস্তানি হানাদার বাহিনী নিস্তরঙ্গ নীলগঞ্জ গ্রামের শৃঙ্খলা ভেঙে দিয়ে জনজীবনকে বিষিয়ে দেয়। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায়। খুন-ধর্ষণ, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "নগর পুড়িয়ে দেবালয় কি এড়ায়?”- এ উক্তিটির সাথে নীলগঞ্জ গ্রামের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" উক্তিটি কোন গ্রামের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো।
উত্তর