'১৯৭১' উপন্যাসের কাহিনির ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যেখানে প্রত্যেক ক্ষেত্রেই বপন করে দিয়েছে সম্ভাবনার বীজ; সেখানে মেজর এজাজ আহমেদ জানিয়েছেন নিশ্চিত সিদ্ধান্ত। বিষয়টির তথ্যভিত্তিক বর্ণনা দাও।
উত্তর: '১৯৭১' উপন্যাসের কাহিনির ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যেখানে প্রত্যেক ক্ষেত্রেই বপন করে দিয়েছেন সম্ভাবনার বীজ; সেখানে মেজর এজাজ আহমেদ জানিয়েছেন নিশ্চিত সিদ্ধান্ত।– আলোচ্য উদ্ধৃতিটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। '১৯৭১' উপন্যাসে ঔপন্যাসিক কাহিনির ক্ষেত্রে কোনো নিশ্চিত মীমাংসার পৌঁছাননি। প্রতিটি ক্ষেত্রেই সম্ভাবনার বীজ বপন করে দিয়েছেন। উপন্যাসের সূচনায় ঔপন্যাসিক মতি মিয়ার শালা নিজাম আলিকে পাগল বলে উল্লেখ করেছেন। নিজাম আলিকে তিনি নিত্যদিনের পাগল বলেননি। এমনিতে নিজাম সুস্থ থাকে। শুধু মাঝে মাঝে দু-একদিন মাথা গরম হয়। মাথা গরম হলেও নিজাম কোনো কিছু ভাঙচুর করে না, কারও ওপর আক্রমণ করে না। শুধু গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে। আর সে মধুবন জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু নিজাম আলিকে সাপে কাটে না। হুমায়ূন আহমেদ স্পষ্ট করে কিছুই প্রকাশ করেননি। অথচ মেজর এজাজ আহমেদ ঝড়ের মধ্যে মধুবন জঙ্গল থেকে নিজাম আলিকে বের হতে দেখে মুক্তিবাহিনীর সাথে নিজামের সম্পর্ক রয়েছে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। দ্বিতীয়ত, আজিজ মাস্টারকে তুলে নিয়ে প্রশ্ন করলে সে সততার সঙ্গে সব প্রশ্নের উত্তর দেয়। এমনকি তার আশ্রয়দাতা জয়নাল মিয়ার ঘরে ট্রানজিস্টার আছে, সেই সত্যও আজিজ মাস্টার মেজর এজাজের কাছ থেকে লুকায়নি। কিন্তু স্বাধীন বাংলা বেতার শোনা প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে দেরি করার জন্য মেজর এজাজ আজিজ মাস্টারকে মুক্তিবাহিনীর দোসর ভেবে নেন। এর জের ধরে আজিজ মাস্টারের প্রতি বর্বরতম আত্মসম্মানহীনতার শাস্তি আরোপ করেন। অপমান সহ্য করতে না পেরে আজিজ মাস্টার মৃত্যুকে বেছে নেন। কিন্তু শেষপর্যন্ত জয়নাল মিয়ার বক্তব্যে প্রকাশ পায়, আজিজ মাস্টার মুক্তিবাহিনী সম্পর্কে কিছুই জানে না, জানার কথাও নয়। তৃতীয়ত, রফিকের মতো সহযোগীকে মেজর এজাজ আহমেদ সন্দেহ করেন। রফিক নীলগঞ্জ গ্রামে এজাজ আহমেদের সফরসঙ্গী। রফিকের অপরাধ সে নীলগঞ্জবাসীর পক্ষে, বিশেষত আজিজ মাস্টারের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। বাঙালি হিসেবে আরেকজন বাঙালির প্রতি ভালোবাসা জাগার বিষয়টিকে মেজর এজাজ সন্দেহের চোখে দেখেছেন। প্রশ্ন তুলেছেন রফিকের বিশ্বস্ততা নিয়ে। বাঙালি নির্লজ্জ, বিশ্বাসঘাতক বলে নিন্দা করেছেন। তার বন্ধু মেজর বখতিয়ার বাঙালিদের বিশ্বাস করে অপহৃত হয়েছেন বলে দাবি করেন মেজর এজাজ। সন্দেহকে সত্যি ভেবে নিজের দোসর রফিককেও শেষপর্যন্ত হত্যা করেছেন তিনি। তাই বলা যায় যে, '১৯৭১' উপন্যাসের কাহিনির ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যেখানে প্রত্যক ক্ষেত্রেই বপন করেছেন সম্ভাবনার বীজ: সেখানেই মেজর এজাজ আহমেদ জানিয়েছেন নিশ্চিত সিদ্ধান্ত।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'১৯৭১' উপন্যাসের কাহিনির ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যেখানে প্রত্যেক ক্ষেত্রেই বপন করে দিয়েছে সম্ভাবনার বীজ; সেখানে মেজর এজাজ আহমেদ জানিয়েছেন নিশ্চিত সিদ্ধান্ত। বিষয়টির তথ্যভিত্তিক বর্ণনা দাও।
উত্তর