পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেলিনাকে তার খালা সময়মতো টিকা গ্রহণ ও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। যা সেলিনার শারীরিক সুস্থতা ও গর্ভস্থ শিশুর সুষ্ঠু বিকাশের জন্য অবশ্যই প্রয়োজন।
গর্ভাবস্থায় গর্ভবতী মাকে নিজের সুস্থতা এবং ভ্রূণের সঠিক বিকাশের জন্য ডাক্তারের পরামর্শ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সিফিলিস, ম্যালেরিয়া এবং ধনুষ্টংকার জাতীয় বেশ কিছু সংক্রামক রোগ ভ্রূণের ক্ষতিসাধন করে । এক্ষেত্রে প্রতিবন্ধী শিশু জন্ম, এমনকি ভূণের মৃত্যুও হতে পারে। এজন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পালন করা প্রয়োজন। প্রত্যেক গর্ভবতী মাকে ধনুষ্টংকার প্রতিরোধক টিকা (Tetanus Toxoid) দেয়া প্রয়োজন। মাকে অবশ্যই স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার এবং মাছ-মাংস খেতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে। এ সময় সাধারণত মায়ের ওজন ৯-১৩ কেজি পর্যন্ত বাড়ে। তাকে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে। যে কোনো জটিলতা এড়ানোর জন্য মাকে সর্বদা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাই বলা যায়, সেলিনার প্রতি তার খালার বক্তব্যটি যথার্থ।