উদ্দীপকে রাজশাহী বিভাগের জেলা শহরের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে 'শিল্পায়ন ও নগরায়ণ' উপাদানটির ভূমিকা লক্ষ করা যায়।
সাধারণ অর্থে, শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যে প্রক্রিয়ায় যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়। অর্থাৎ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃহৎ ও ব্যাপকহারে উৎপাদন করার প্রক্রিয়াই হচ্ছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির প্রচলন শুরু হয়। এর পাশাপাশি জীবনের সকলক্ষেত্রে যন্ত্রের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। অন্যদিকে, নগরায়ণ হলো শিল্পায়নের ফল। সাধারণভাবে নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কোনো একটি এলাকার মানুষ কৃষিজ পেশার পরিবর্তে অকৃষিজ পেশায় জীবিকা নির্বাহ করে এবং আধুনিক সুযোগ- সুবিধার কারণে সেখানে অনেক লোকের ঘনবসতি গড়ে ওঠে। উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠায় মানুষ এখন আর আগের মতো চাষাবাদে আগ্রহী নয়। এছাড়া বাসস্থানের প্রকৃতিতে পরিবর্তন সাধিত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে, যা নিঃসন্দেহে শিল্পায়ন ও নগরায়ণের প্রত্যক্ষ ফলাফলের সাথে সম্পৃক্ত।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের শহরের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের ভূমিকা পরিলক্ষিত হয়।