উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের পদ্ধতিটি শরিয়তের তৃতীয় উৎস ইজমায়ে সুকুতির সাথে সাদৃশ্যপূর্ণ।
ইজমায়ে সুকুতি হলো সুকুত তথা মৌন সম্মতির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ, যখন এক বা একাধিক মুজতাহিদ হতে প্রকাশিত মতামত বা কাজের কোনো রূপ প্রতিবাদ কোনো মুজতাহিদ করেননি বরং তার ওপর নীরব সমর্থন প্রদান করেছেন তখন তা ইজমা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরূপ নীরব সমর্থনের দ্বারা প্রতিষ্ঠিত ইজমাই হলো ইজমায়ে সুকুতি। আবার কেউ কেউ বলেন, যে ইজমা কিছুসংখ্যক মুজতাহিদের ঐকমত্যে এবং বাকিদের সম্মতিসূচক নীরবতা দ্বারা প্রতিষ্ঠিত হয়, তাকে - إِجْمَاعُ سُكُوتِي বলে।
অনুরূপ অবস্থা উদ্দীপকের শান্তিনগর যুবকদের প্রতিষ্ঠিত সবুজ সংঘে পরিলক্ষিত হয়। এ সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই। নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরি পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যদেরকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় । কিছুসংখ্যক সদস্য এক্ষেত্রে নীরবতা পালন করে । যা ইজমায়ে সুকুতির সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সবুজ সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ ।