উদ্দীপকে ইমাম আবু হানিফা (র.)-এর কথা বলা হয়েছে। ইলমুল ফিকহের উৎপত্তি, ক্রমবিকাশে ইমাম আযম আবু হানিফার নাম সবার শীর্ষে।
খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে।
হিজরি দ্বিতীয় শতাব্দীর শুরু হতে ইসলামি জগতে জ্ঞান-বিজ্ঞানের এক নব দিগন্ত উন্মোচিত হয়। এসময় ব্যাপকভাবে হাদিস সংগ্রহ, সংকলন, ফিকহশাস্ত্রের মাসয়ালা সম্পাদনা ও ফতোয়া সংকলন শুরু হয়। হিজরি দ্বিতীয় শতাব্দীর তৃতীয় দশক হতে নিয়মতান্ত্রিক পন্থায় ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু হয়। সে সময় হতে আজ পর্যন্ত সময়কালকে তিনটি ভাগে ভাগ করা হয়। এ যুগে ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তাঁর জীবনকালে ইসলামি ফিক্হ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো, ফিকহুল আকবার, কিতাবুল আসার, কিতাবুল খারাজ, জামেউল কবির উল্লেখযোগ্য।
তিনি ফিকহি সমস্যা সমাধানের জন্য ৪০ সদস্যবিশিষ্ট বোর্ড গঠন করে 'কুতুবে হানাফিয়্যাহ' সংকলন করেন। যাতে ৮৩ হাজার মাসয়ালা রয়েছে। আর এটাই সর্বপ্রথম সম্পাদিত ইলমে ফিকহের কিতাব। এজন্য তাঁকে ইলমে ফিক্হের পথিকৃৎ বলা হয় এবং পরবর্তীতে তারই পদাঙ্ক অনুসরণ করেন অন্যান্য ইমানগণ ।