মহান আল্লাহর বাণী নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না। এ আয়াতে মহান আল্লাহর অন্তহীন জ্ঞানের কথা বলা হয়েছে। অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই আল্লাহ তায়ালা বিস্তারিতভাবে জানেন। আল্লাহ তায়ালা সূরা বাকারার ৩০নং আয়াতে মানুষ সৃষ্টির 1 প্রথম প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করেছেন। এবং তাঁর অন্তহীন জ্ঞানের কথা বর্ণনা করে বলেন, “নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না।" আল্লাহ তায়ালা মানব সৃষ্টির পূর্বে জিন সৃষ্টি করলেন, কিন্তু এরা পৃথিবীতে অপরাধ ও আল্লাহদ্রোহিতার চরমরূপ প্রকাশ করে। সর্বশেষ আল্লাহ পৃথিবীতে তার খলিফা হিসেবে মানুষ তৈরি করতে চান। মানুষ সৃষ্টির এ নিগূঢ় রহস্য সম্পর্কে ফেরেশতাদের কোনো ধারণা ছিল না। পূর্ববর্তী জিন জাতির কথা মনে রেখে স্বভাবতই তারা অত্যন্ত বিনয়ের সাথে জানতে চান, 'পৃথিবীতে কি আপনি এমন কাউকে তৈরি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সেখানে রক্তপাত করবে? অথচ আমরাইতো আপনার প্রশংসাসহকারে তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি।'
আল্লাহ তায়ালার মানুষ সৃষ্টির উদ্দেশ্য কেবল তাসবিহ তাহলিলই পাঠ ছিল না বরং তিনি তাঁর খলিফা হিসেবে মানুষকে ভালো ও মন্দ করার বিপুল ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবেন। তাদের অসীম নিয়ামতে ধন্য করে পরীক্ষা করবেন কে চলে হিদায়েতের পথে আর কে চলে না । পরে তার ওপর ভিত্তি করে দেবেন শাস্তি বা পুরস্কার। আল্লাহর এ পরিকল্পনা সম্পর্কে ফেরেশতাদের কোনো জ্ঞানই নেই। অথচ আল্লাহ তায়ালা এর সূচনা থেকে সর্বশেষ পরিণতি সম্পর্কে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন ।
মানব সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের আপত্তির জবাবে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না।”