উদ্দীপকে বর্ণিত হাদিসটিতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সর্বাধিক ভালোবাসা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ইসলামের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে নবি- রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর সর্বশেষ নবি ও রাসুল হলেন হযরত মুহাম্মদ (সা.)। তাই একজন মুমিনকে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে তাঁকে সর্বাধিক ভালোবাসতে হবে।
উদ্দীপকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, যে পর্যন্ত কোনো ব্যক্তির নিকট পিতামাতা, সন্তানসন্তুতি এমনকি সমগ্র মানবজাতি থেকে আল্লাহর রাসুল (সা.) অধিক প্রিয় না হতে পারবে সেই পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। কেননা বিশ্বাস কেবল মাত্র মনে থাকলেই চলবে না; বরং তার প্রতিটি কাজ-কর্মে, প্রতিটি কথায় প্রমাণ করতে হবে যে, তার নিকট রাসুলুল্লাহ (সা.)-ই ছিলেন সেই যাবতীয় গুণের সর্বোত্তম আদর্শ। আর তাতে পিতামাতা, সন্তান-সন্তুতি, স্বামী-স্ত্রী বা কোনো মূল্যবান পার্থিব সম্পদও বিসর্জন দেওয়া হোক না কেন। এভাবে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সর্বাধিক ভালোবাসা না থাকলে সে নিজেকে পূর্ণ ইমানদার হিসেবে গড়ে তুলতে পারবে না। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সর্বাধিক ভালোবাসার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।