এ আয়াতে আল্লাহ তায়ালা ফেরেশতাদের জ্ঞানগত সীমাবদ্ধতার বিষয়টি নির্দেশ করেছেন।
ফেরেশতা আল্লাহর বিশেষ প্রজাতির সৃষ্টি। তাদের 'নুর' দিয়ে তৈরি করা হয়েছে। তাদের নিজে থেকে কোনো কাজ করার বা কোনো বিষয়ে জ্ঞানলাভ করার ক্ষমতা নেই। ফেরেশতারা কেবল তাই করেন যা করার নির্দেশ আল্লাহ তাদের দেন। তারা কেবল সেটুকুই জানতে পারেন যতটুকু জ্ঞান আল্লাহ তাদের দেন। হযরত আদম (আ)-কে আল্লাহ তায়ালা যে জ্ঞান দিয়েছেন, সে সম্পর্কে ফেরেশতাদের কোনো ধারণা ছিল না। তারা এক্ষেত্রে সম্পূর্ণ অন্ধকারে ছিল। আল্লাহ যখন তাদের নির্দেশ দিলেন “তোমরা আমাকে এসব বিষয়ের নাম অবহিত করো, যদি তোমরা সত্যবাদী হও”, তখন তাদের অক্ষম হওয়া ছাড়া উপায় থাকল না । নিজেদের অপারগতা প্রকাশ করতে গিয়েও তারা আল্লাহরই প্রশংসা করেন। তারা বলেন, “আপনি পূত-পবিত্র ও মহান। আপনি যা আমাদের শিখিয়েছেন, তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। সুনিশ্চিতভাবেই আপনি মহাজ্ঞানী এবং বিজ্ঞানময়।”