উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি হলো মক্তব।
'মক্তব' আরবি শব্দ। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায়তনকে বলা হয় মক্তব।
উদ্দীপকে ইমাম সাহেব এমন প্রতিষ্ঠানের কথা বলেন, যেখানে কুরআন-হাদিস পাঠ, আদব-কায়দা ও মাসয়ালাসহ ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হয়। তাই বলা যায়, ইমাম সাহেবের বর্ণিত প্রতিষ্ঠানটি হলো মক্তব।
মক্তব শিক্ষার গুরুত্ব অত্যধিক। কারণ মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে অজু গোসল করতে হয়, অজুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে অজু নষ্ট হয়, কোন নামাজ কীভাবে আদায় করতে হয়- এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। এখানে তারা সামাজিক শিষ্টাচার ও প্রচলিত প্রথার সাথে পরিচিত হয়।
মক্তবে মুসলিম শিশুর কোমল মনে আল্লাহ, রাসুল ও ইসলামের বীজ বপন করে, যা তার ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করে। মক্তব শিশুকে আদব-কায়দা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলামের মৌলিক ও প্রাথমিক জ্ঞান, ইসলামি তাহজিব তামাদ্দুন ইত্যাদি বিষয়ে জ্ঞানদান করে। ফলে মক্তবের শিক্ষা শিশুর পরবর্তী জীবনের ভিতকে ইসলামের ওপর দাঁড় করিয়ে দেয়। তাই মুসলিম সমাজে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম।