উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুটি হলো মক্তব। ইসলামের প্রাথমিক যুগে মহানবি (সা.) 'দারুল আরকাম' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। যেখানে সাহাবিদের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেওয়া হতো। পরবর্তীকালে ঐতিহ্য অনুসরণ করেই মসজিদের সাথে মক্তব গড়ে ওঠে। এ মক্তবের কিছু বিশেষ কার্যক্রম হলো-মক্তব্য শিশুদের অনুশীলন ও চর্চার মাধ্যমে শুদ্ধরূপে কুরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি শিশুকে ইমান তথা তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। ইমান, আকিদা ও নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। শিশুকে শেখানো হয় আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের প্রতিপালক। মক্তবে ইমান, আকিদা ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। শিশুকে ওযু, গোসল, পাক-পবিত্রতার নিয়মকানুন শেখানো হয়। সমাজে পিতামাতা, ভাইবোন, ছোট-বড়, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী কার সাথে কেমন ব্যবহার করতে হয়। সহপাঠীদের সাথে কীরূপ আচরণ করতে হয় মক্তবে এসব আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।তাই বলা যায়, ইসলাম শিক্ষার ক্ষেত্রে মক্তবের ভূমিকা অপরিসীম।