উদ্দীপকে কর্তব্যপরায়ণতার বিষয়টি ফুটে উঠেছে। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করা হলো কর্তব্যপরায়ণতা । কর্তব্যপরায়ণতার মাধ্যমে সমাজ বা দেশ থেকে অপরাধ নির্মূল করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। পারস্পরিক আস্থা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি থেকে শুরু করে সবই কর্তব্যপরায়ণতার মাধ্যমে বিকাশ ঘটে। নিজ নিজ জায়গা থেকে কর্তব্যপরায়ণ হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। উদ্দীপকেও এমন বিষয়টি ফুটে উঠেছে।
উদ্দীপকে সাবিনা কোথাও কাজ করতে গেলে নিষ্ঠার সাথে তার দায়িত্ব কর্তব্য পালন করে। কোনো প্রকার উদাসীনতা প্রকাশ করে না। এতে করে তার মধ্যে কর্তব্যপরায়ণতার গুণটি বিদ্যমান। মানবজীবনে যার গুরুত্ব অপরিসীম। কর্তব্যপরায়ণতার মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। ব্যক্তির অবস্থা ও সামাজিক পদমর্যাদাভেদে কর্তব্যে অবহেলা বিভিন্ন পর্যায়ে অরাজকতা সৃষ্টি করে। কর্তব্যপরায়ণতা এ অবস্থা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। উদ্দীপকের সাবিনার মতো সবাই যদি নিজ নিজ জায়গায় কর্তব্যপরায়ণ হয় তাহলে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সব ক্ষেত্রেই কল্যাণ হয়। কর্তব্যপরায়ণ হলে শ্রমিক তার দায়িত্বে অবহেলা করবে না, শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান করবেন। ছাত্র অধ্যয়নে ফাঁকি দেবে না। ডাক্তার সঠিকভাবে রোগীর সেবা করবেন, সরকারি কর্মকর্তা এবং নেতারা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন। এভাবে নাগরিকদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের কর্তব্য পালন করলে কোনো জাতি বা দেশ কখনই বিপথে যাবে না।
উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাবিনার মতো নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে কর্তব্যপরায়ণ হলে দেশের স্বার্থ সংরক্ষণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে।