উদ্দীপকে বর্ণিত জনাব 'ন' মুনাফিকদের প্রতি ইঙ্গিত করেছেন । মুনাফিক শব্দটি আরবি। এটি নিফাক শব্দ থেকে উৎসারিত। নিফাক শব্দের অর্থ হলো— কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামি পরিভাষায় মুনাফিক বলা হয় যারা মুখে ইসলামের স্বীকৃতি দিয়ে অন্তরে কুফরি লুকিয়ে রাখে। আল্লাহ তায়ালা তাদের পরিণতি সম্পর্কে বলেন-
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ
“ নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।” (সূরা আন-নিসা : ১৪৫) সূরা বাকারার আলোকে মুনাফিকদের পরিচয়। যেমন—
ক. মুনাফিকরা মুখে আল্লাহ ও পরকালের প্রতি ইমান পোষণের দাবি করে। কিন্তু তাদের অন্তরে এর বিপরীত চিত্র বিদ্যমান
খ. তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। অব্যাহত মিথ্যা ও শিরক কুফরির ও প্রতারণার জন্য তাদের ব্যাধি বৃদ্ধি পেতে থাকে ।
গ. মুনাফিকরা বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টিতে মূখ্য ভূমিকা রাখে; কিন্তু তারা তা স্বীকার করে না।
ঘ. নিষ্ঠার সাথে ইমান আনাকে তারা নির্বোধদের কাজ মনে করে ।
ঙ.তারা দ্বিমুখী নীতিকেই জীবনে সাফল্য লাভের মূলনীতি মনে করে ।
সূরা বাকারায় মুনাফিক দৃষ্টান্ত এভাবে এসেছে, তাদের উপমা– যেমন কোনো এক ব্যক্তি আগুন জ্বালাল । এরপর যখন তা চারদিকে আলোচিত করে তুলল, তখন আল্লাহ তাদের জ্যোতি নিয়ে গেলেন এবং তাদের ছেড়ে দিলেন অন্ধকারে, তারা দেখতে পায় না। কপটচারী মুনাফিকদের অবস্থাও ঠিক এই রকম। তাঁরা হিদায়েতের ঐশী আলোর কাছাকাছি থাকে। সেই আলোতে তাদের আশপাশের মানুষেরা আলোকিত হলেও তারা আলোকিত না হয়ে গোমরাহিতে নিমজ্জিত থাকে ।