উদ্দীপকে জামিলার চরিত্রের মধ্যে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামের দৃষ্টিতে প্রতারণা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন- مَنْ غَشَ فَلَيْسَ مِنَا অর্থাৎ “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।" (মুসলিম) ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَانْتُمْ تَعْلَمُونَ অর্থাৎ “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না।" (সূরা বাকারা: ৪২) ব্যবসা-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে। এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, “যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।” (ইবনে মাজাহ)
দুধে পানি মেশানো, ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ, যা জামিলার চরিত্রে বিদ্যমান।