উদ্দীপকে মেহের আলীর কর্মকাণ্ডটি প্রতারণার শামিল।
প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, ওজনে কমবেশি করা কিংবা হয়রানি করার নাম প্রতারণা। যার মধ্যে প্রতারণার বৈশিষ্ট্য রয়েছে সে হলো প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। রাসুল (স) বলেন-অর্থ: 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়'। (মুসলিম)ব্যবসা-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকে। এ সম্বন্ধে রাসুল (স) বলেন- 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে।' উদ্দীপকে মেহের আলী একজন মাছ ব্যবসায়ী। সে ওজনে কম দেয় এবং বিদেশি শিং মাছকে দেশীয় মাছ বলে বিক্রি করে। তার এসব কাজ প্রতারণার শামিল। এ ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির আপাতফল শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য।