জাতিসংঘের ৬টি মূল অঙ্গ সংগঠনের একটি হচ্ছে নিরাপত্তা পরিষদ বা Security council। এ পরিষদের সদস্যসংখ্যা ১৫টি দেশ। এর মধ্যে ৫টি দেশ স্থায়ী। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাকি ১০টি দেশ অস্থায়ী। এ দশটি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ থেকে ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫টি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। আন্তর্জাতিক শান্তি বিপন্ন হতে পারে এরূপ যেকোনো ঘটনা সম্পর্কে তদন্ত করার অধিকার নিরাপত্তা পরিষদের রয়েছে। শান্তি স্থাপনের জন্য আলোচনা, মধ্যস্থতা, আপস-মীমাংসা অথবা যেকোনো উপায়ে শান্তিপূর্ণ সমাধান করার অধিকার নিরাপত্তা পরিষদের ক্ষমতার অন্তর্ভুক্ত।