উদ্দীপকে উল্লিখিত বল হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে সীমিতকরণের প্রয়োজনীয়তা নিচে বিশ্লেষণ করা হলো-
আমাদের কাজকর্ম ও জীবনযাপনকে সহজ করার জন্য কখনো ঘর্ষণকে কমাতে হয় আবার কখনো ঘর্ষণকে বাড়াতে হয়। বিভিন্ন প্রয়োজনে তাই ঘর্ষণকে সীমিত করার দরকার হয়। কোনো তলকে খুব মসৃণ করে ঘর্ষণকে কমানো যেতে পারে। 'তেল বা গ্রিজ তলকে মসৃণ করে এবং ঘর্ষণকে কমিয়ে দেয়। এ কারণে যন্ত্রপাতির গতিশীল অংশ তেল বা গ্রিজ দ্বারা আবৃত থাকে। যা ঘর্ষণকে কমায় এবং যন্ত্রপাতিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। তেল এবং গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমায় তাদের লুব্রিকেন্ট বলে। ঘর্ষণ কমানোর আরেকটি উপায় হচ্ছে কোনো তলের উপর দিয়ে বস্তুকে পিছলিয়ে না নিয়ে গড়িয়ে নেওয়া। কোনো ভারী বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর সহজ করার জন্য রোলার ব্যবহার করা হয়। অনুরূপভাবে যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মাঝে অনেক সময় বল বিয়ারিং বসিয়ে ঘর্ষণ কমানো হয় এবং গতি সহজ করা হয়। তলকে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো হয়, দেয়াশলাই-এর উদাহরণ। জুতা ও রাস্তার মধ্যে ঘর্ষণ বাড়ানোর জন্য জুতার সোল অমসৃণ করা হয়। এতে জুতো রাস্তা আঁকড়ে ধরে রাখে ফলে আমাদের রাস্তায় চলাচল সহজ হয়। গাড়ির টায়ারের সুতো ঘর্ষণ বাড়ানোর মাধ্যমে ভিজা রাস্তা থেকে গাড়ির স্কিড করা প্রতিহত করে। এ সমস্ত কারণেই ঘর্ষণ বলকে সীমিত করা প্রয়োজন।