ডিজিটাল বাংলাদেশ;
উত্তর: 'ডিজিটাল বাংলাদেশ' একটি উজ্জ্বল সম্ভাবনার নাম। বর্তমানে বাংলাদেশে এ ধারণাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। 'ডিজিটাল বাংলাদেশ' বলতে মূলত বোঝায় দেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার একটি সুনির্দিষ্ট প্রত্যয়কে। ২০২১ সালে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ের মধ্যেই 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। তবে এ বিষয়ে স্বপ্ন দেখা যতটা সহজ, সেটিকে বাস্তবে রূপ প্রদান করা ততটাই কঠিন। একটি দেশকে তখনই 'ডিজিটাল দেশ বলা যাবে যখন তা পরিপূর্ণভাবে 'ই-স্টেট'-এ পরিণত হবে। অর্থাৎ ওই দেশের যাবতীয় কার্যাবলি, যেমন: সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে একটি আধুনিক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা। শাসনব্যবস্থার প্রতিটি ধাপে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা হবে। সুতরাং, 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার মূলভিত্তি হলো তথ্যপ্রযুক্তির শক্তিশালী কাঠামো। বাংলাদেশ ধীরে ধীরে এই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। তবে এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শতভাগ অগ্রগতি লাভ করতে পারিনি। তথ্যপ্রযুক্তিকে উত্তমরূপে করায়ত্ত করার জন্য প্রযুক্তিজ্ঞান থাকা একান্ত জরুরি। এ বিষয়েও আমাদের দুর্বলতা রয়েছে। আশার কথা হলো, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বেশ দ্রুত ঘটছে। জীবনের নানা প্রয়োজনীয় কাজে আমরা ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছি। এই প্রযুক্তিনির্ভরতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমাদের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল
ডিজিটাল বাংলাদেশ;
উত্তর