'১৯৭১' উপন্যাসের আলোকে গ্রামবাংলার প্রচলিত রীতিনীতি ও চালচিত্র উপস্থাপন করো।
উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী নীলগঞ্জ গ্রামের মানুষের জীবন ছিল শান্ত ও নিস্তরঙ্গ। এখানকার জনজীবনে আধুনিকতার তেমন ছোঁয়া ছিল না। সহজ-সরল গ্রামবাসীরা চাষাবাদ, ব্যাবসা-বাণিজ্য এসব করেই জীবিকা নির্বাহ করত। বুয়াইল বাজার এ অঞ্চলের সবচেয়ে বড়ো বাজার। এখানকার রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে, বর্ষাকালে কোনো রিকশাও চলতে পারে না। এঁটেল কর্দমময় রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয়। প্রত্যন্ত গ্রামাঞ্চল হওয়ায় এখানে মানুষের জীবনযাপন তেমন উন্নত নয়। তবে ধান-চালের আড়ত, পাটের গুদাম, ধান ভাঙানোর কল, চায়ের দোকান- ইত্যাদি প্রয়োজনীয় জীবনধারণ উপযোগী বিষয়গুলো সেখানে উপস্থিত। নীলগঞ্জ গ্রামটি দরিদ্র ও শ্রীহীন। ত্রিশ-চল্লিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ এটি। এখানকার জমি তেমন উর্বর না হওয়ায় ভালো চাষাবাদ হয় না। তবে শীতকালে প্রচুর রবিশস্য হয়। গ্রামে দু'একটি টিনের ঘর ছাড়া সব ঘরেই খড়ের ছাউনি। হিন্দু-মুসলমান উভয় ধর্মের লোকই পাশাপাশি অবস্থান করে এ গ্রামে। এখানকার মানুষেরা সহজ-সরল। সংকট কালিন সবাই ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এক হয়ে মিলে যায়। এ উপন্যাসে ধর্মীয় বিশ্বাস ও রীতি-নীতির চালচিত্র চোখে পড়ে কিছু চরিত্রে। চিত্রা বুড়ি মা কালীর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকে। নীলু সেন তাকে থাকার জন্য ঘর দিলেও সেখানে সে ঘুমায় না। সেনবাড়ির কালীমন্দিরের চাতালে ঘুমায় সে। কারণ দেবীমূর্তির পাশে সে এক ধরনের নিরাপত্তা বোধ করে। মা কালীকে তার ছেলেহত্যার বিচার করতে বলে। তার বিশ্বাস- মা সমস্ত কথা শোনেন। মা কালীর পদতলে পাঁঠা বলি দিতে চায় সে। দেবী কালীর প্রতি যেমন বুড়ির ধর্মীয় বিশ্বাস ফুটে উঠেছে তেমনই ইমাম সাহেবেরও ধর্মীয় বিশ্বাসের চালচিত্র রয়েছে উপন্যাসে। যুদ্ধকালে বিপদাপন্ন অবস্থায়ও সর্বদা ইমাম সাহেব আল্লাহকে স্মরণ করেছেন। চরম সংকট কালেও তিনি নামাজ পড়তে চেয়েছেন। আজিজ মাস্টারকেও বলেছেন আল্লাহকে স্মরণ করতে। মিলিটারিদের সামনে বিপদের দোয়া পড়েছেন তিনি। উপন্যাস জুড়ে ঔপন্যাসিক গ্রামবাংলার মানুষের জন-জীবনের বিভিন্ন রীতিনীতি ও চালচিত্র চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
'১৯৭১' উপন্যাসের আলোকে গ্রামবাংলার প্রচলিত রীতিনীতি ও চালচিত্র উপস্থাপন করো।
উত্তর