"মীর আলি অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ”- '১৯৭১” উপন্যাসের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: মীর আলি '১৯৭১' উপন্যাসে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে অসহায় একজন প্রবীণ ব্যক্তি। বয়সের ভারে ন্যুব্জ প্রবীণ ব্যক্তিরা তাদের প্রাত্যহিক জীবনে পরিবারের সদস্যদের কাছে কতটা নির্ভরশীল ও অসহায় হয়ে পড়েন তার প্রকৃষ্ট উদাহরণ মীর আলি। তিনি দৃষ্টিহীন অসহায় এক বৃদ্ধ। দুবছর আগে চোখে সামান্য দেখতে পেলেও এখন একদমই দেখতে পান না তিনি। বয়সের সাথে সাথে শব্দের প্রতিও সংবেদনশীলতা বেড়েছে তার। ছোট নাতনিটি কেঁদে উঠলে মীর আলির চরম বিরক্তির উদ্রেক হয়। কারণ শব্দের কারণে তার মাথায় ঝনঝন করে। তার সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতি হলো রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়া। শারীরিক সীমাবদ্ধতার কারণে একা বাইরে যাওয়ার ক্ষেত্রে তাকে পুত্র বদিউজ্জামান ও তার পুত্রবধূর সাহায্য নিতে হয়। তলপেটে প্রবল চাপ নিয়ে রাতের বেলায় ছেলেকে ডাকতে হয়। কিন্তু মধুবন বাজারের মনিহারি দোকানদার বদির পক্ষে ক্লান্ত শরীরে পিতার ডাকে সাড়া দেওয়া সম্ভব হয় না। অনুফা শ্বশুরের ডাকে সাড়া দিয়ে তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অন্ধ মীর আলি পুত্রবধূকে চাঁদনি রাত কি না জিজ্ঞেস করলে সে বিরক্তি বোধ করে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর সে উঠানে জলচৌকিতে বসে বাকি রাত কাটাতে চায়। দক্ষিণ দিক থেকে আসা সুন্দর বাতাস, দূরাগত শেয়ালের ডাক গভীর রাতের নির্দেশক হলেও তার কাছে ভোরের মতো ভ্রম হয়। অসহায় বৃদ্ধ রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুমাতে পারে না। তবুও সে অনুফার কথায় বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করে। রাতে দ্বিতীয়বার প্রকৃতির ডাক অর্থাৎ প্রস্রাবের চাপ দিলে সে আবার বদিকে ডাকতে শুরু করে এবং অস্থিরতা প্রকাশ করে। বদি পিতার ডাকে সাড়া দিতে আসার আগেই সে বিছানায় প্রস্রাব করে ফেলে। নিজের এই চরম অসহায়ত্ব সে তার পুত্রের কাছে লুকাতে পারে না। বিছানা নষ্ট করার কারণে বদি তার পিতার জন্য পাতিলের বন্দোবস্ত করে। রাতে যাতে প্রস্রাব না করে সেজন্য পানি কম খেতে বলে। সন্তান ও পরিবারের সদস্যরা বৃদ্ধ পিতার খেদমত করলেও মনে মনে চরম বিরক্তি বোধ করে। সত্তর বছরের বৃদ্ধ মীর আলির পক্ষে তা বোঝা সম্ভব হয় না। দৃষ্টিহীন পিতা সামনে দিয়ে সাপ চলে যাওয়ার কথা বললে বদি চরম বিরক্তি প্রকাশ করে। মীর আলি পুত্র বদির কাছে গোসলের পানি চাইলেও সে বিরক্তি দেখায়। বয়সের কারণে বৃদ্ধ মানুষের শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন আসে। মীর আলির নিঃসঙ্গ জীবন, নিদ্রাহীনতা, প্রাত্যহিক কাজে অপরের উপর নির্ভরশীলতা, দৃষ্টিহীনতা প্রভৃতি তাকে চরম অসহায় অবস্থায় উপনীত করেছে। এ অবস্থায় সে পুত্র ও পুত্রবধূর কাছ থেকে সহযোগিতা পেলেও তাদের মনে বিরক্তি তৈরি করেছে। গ্রামবাংলার প্রেক্ষাপটে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক '১৯৭১' উপন্যাসে বৃদ্ধ মীর আলিকে বিনির্মাণ করেছেন গ্রামের অসহায় বয়োবৃদ্ধ এক চরিত্ররূপে। তার অসহায় অবস্থা যেন বৃদ্ধ পিতাদের কথাকে স্মরণ করিয়ে দেয়। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, "মীর আলি অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ"- উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র ১৯৭১ (উপন্যাস) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ১৯৭১ (উপন্যাস) · সৃজনশীল
"মীর আলি অসহায় গ্রামীণ বৃদ্ধ পিতার প্রতিরূপ”- '১৯৭১” উপন্যাসের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর