'মাদকের অপর নাম মৃত্যু' শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী প্রধান বক্তার ভাষণ তৈরি করো।
উত্তর: 'মাদকাসক্তি ও তরুণসমাজ' শীর্ষক ভাষণ সম্মানিত সভাপতি, সমবেত সুধী ও প্রিয় তরুণ-তরুণী ভাই-বোনেরা আজকের এ অনুষ্ঠানে মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে তরুণসমাজকে কিছু বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ায় আমি আমার বক্তব্যের প্রথমেই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। মাদকদ্রব্য আজকের দিনে আমাদের যুবসমাজের প্রাণশক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। অথচ যুবসমাজই একটি দেশ, জাতি ও সমাজের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ বলে পরিগণিত হয়। কারণ যুবসমাজ দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যতের চালিকাশক্তি। মাদকদ্রব্যের লাগামহীন বিস্তারে জরাগ্রস্ত হয়ে পড়ছে যুবসমাজ। শুধু তাই নয়, মাদকদ্রব্যে আসক্ত হয়ে যুবসমাজ নিজে যেমন ধ্বংস হচ্ছে তেমনই ধ্বংস করছে পরিবার ও সমাজের সুখ-শান্তি। পারিবারিক জীবনব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকদ্রব্য সেবনকারীর কারণে। সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তারে। একটি বয়সে দুঃখ বিলাসকে উপভোগ করার জন্য ছেলেরা শখের বশে মাদককে গ্রহণ করে। এরপর তারা আস্তে আস্তে এক পা দুপা করে এগিয়ে যায় এবং একপর্যায়ে তারা মাদকের দাসে পরিণত হয়। তখন সে গ্রহীতা আর মানুষ থাকে না। তাই মাদক গ্রহণের আগেই সিদ্ধান্ত নিতে হবে। এটি গ্রহণ করা যাবে কি না! আপনারা যারা তরুণ, আপনাদেরই মাদকদ্রব্যের ব্যবহার বন্ধের জন্য এগিয়ে আসতে হবে। আপনাদের মধ্যে যারা ইতোমধ্যে এ সর্বনাশা পথে পা বাড়িয়েছেন, তাদের সে চলার পথ বন্ধ করে দিয়ে আপনারা তাদের সুস্থ পথে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আপনারা যারা তরুণ তাদের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সুধী মাদকদ্রব্যের ভয়াবহ এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। এর প্রতিকার ও প্রতিরোধে সবাইকে এখনই এগিয়ে আসতে হবে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি থেকে জাতিকে রক্ষাকল্পে আমি আপনাদের কাছে কিছু প্রস্তাব রাখতে চাই। যেমন: ১. মাদকদ্রব্য বিরোধী সচেতনতা বাড়াতে হবে। ২. ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে মাদকদ্রব্যের অপকারিতা সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। মাদকদ্রব্যের উৎসসমূহ চিহ্নিত করে সেগুলো ধ্বংসের ব্যবস্থা করতে হবে। ৩. যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ৪. অপসংস্কৃতির অবাধ প্রবাহ রুখতে হবে। ৫. সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ৬. মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ৭. মাদকের চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে হবে। সর্বোপরি, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টাই পারে, জাতিকে মাদকদ্রব্যের রাহুগ্রাস থেকে রক্ষা করতে। আসুন আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকদ্রব্যমুক্ত একটি রাষ্ট্র গড়ে তুলি। সকলে মিলে' 'মাদককে না বলি।' আপনাদের সবাইকে ধন্যবাদ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
'মাদকের অপর নাম মৃত্যু' শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী প্রধান বক্তার ভাষণ তৈরি করো।
উত্তর