তোমার কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর: কলেজের প্রথম দিন আমার জীবনের একটি স্মরণীয় দিন। অত্যধিক উচ্ছ্বাস ও আবেগ নিয়ে আমি কলেজে প্রবেশ করলাম। কলেজের দারোয়ান চাচা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ভিতরে প্রবেশ করে দেখলাম সম্পূর্ণ নতুন একটি পরিবেশ, চারদিকে নতুন মুখ। কেউ আমার পরিচিত নয়, তাই একটু সংকোচ বোধ করলাম প্রথমে। এত নতুন মুখের মধ্য থেকে একজন এসে আমার সামনে দাঁড়াল এবং আমার নাম জিজ্ঞাসা করল। আমি উৎসাহ নিয়ে তার সঙ্গে পরিচিত হলাম, সেইসঙ্গে কিছুটা স্বস্তিও পেলাম। সেদিনই আমি তাকে বন্ধু করে নিলাম। আমরা দুজন সারা কলেজ ঘুরে দেখলাম। দুপাশে দুটি দালান, তার মাঝখানে বিশাল মাঠ। মাঠের একপাশে ব্যাডমিন্টন খেলার জায়গা, আরেক পাশে ভলিবল খেলার জায়গা, আর অপর পাশে বিশাল খোলা মাঠ। সে মাঠের দুদিকে বিভিন্ন ধরনের গাছের সারি। কলেজের মূল দালানের সামনে বাহারি রঙের ফুল ফুটে আছে, টবেও নানা জাতের ফুল ফুটে আছে। এগুলোর মধ্যে গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। কলেজের সৌন্দর্য অবলোকন করার পর আমরা একটি কক্ষে গেলাম, সেখানে আমাদের সহপাঠীরা উপস্থিত ছিল। এসময় অন্যান্য স্যারদের সঙ্গে প্রিন্সিপাল স্যার এলেন। প্রথমেই তিনি আমাদের পরিচয় জানলেন এবং আমাদের কুশল জিজ্ঞাসা করলেন। এছাড়াও তিনি কলেজের গৌরবময় ইতিহাস ও সাফল্যের কথা বলে করে আমাদের অনুপ্রাণিত করলেন। সেই থেকে তাঁকে আমি আমার জীবনের আদর্শ হিসেবে নিয়েছি। তারপর আমরা ক্লাসে উপস্থিত হলাম। সেখানে আমাদের শ্রেণি শিক্ষকের কথা আমার মনে আজও গেঁথে আছে। এভাবেই সেদিন আনন্দঘন একটি দিন কাটিয়েছি যা আজও আমার স্মৃতির পাতায় অমলিন।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর