তোমার দেখা স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর: স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নদশা ফারিক হাসান, দৌলতপুর, ঠাকুরগাঁও, ১৬ জুন ২০২৬। দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রটি হাজারও সমস্যায় জর্জরিত। অথচ এই এলাকার বিপুল সংখ্যক মানুষের চিকিৎসার জন্য এটাই একমাত্র চিকিৎসাকেন্দ্র। প্রতিবছর এই স্বাস্থ্যকেন্দ্রে গ্রাম এলাকার প্রায় পঞ্চাশ হাজার দরিদ্র জনসাধারণের চিকিৎসা হয়। প্রতিদিন ভোর থেকেই বহির্বিভাগে লাইন লেগে থাকে। স্বাস্থ্যকেন্দ্রটিতে দৈনিক ৪০/৪৫ জন রোগী ভর্তি হয়। বহির্বিভাগের রোগীদের অভিযোগ, সারাদিন প্রতীক্ষার পরও শেষ পর্যন্ত তারা চিকিৎসা পায় না। স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে দেখতে গিয়ে সেখানে অনেক সমস্যা চোখে পড়েছে। করিডোরসহ বিভিন্ন স্থানে কফ, থুতু ও পানের পিকের দাগ লেগে রয়েছে। সর্বত্রই অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। হাসপাতাল জুড়ে তীব্র পানির সংকট। টয়লেটগুলো নিয়মিত পরিষ্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বেডের রোগীদের চাদর অপরিচ্ছন্ন। এমনকি কয়েকটি বেডে চাদরও নেই। হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা না থাকায় সেটি একরকম অচল হয়ে পড়েছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতির অভাব। প্যাথলজি বিভাগে একটি পুরোনো অণুবীক্ষণ যন্ত্র আছে, পরীক্ষা করার কোনো রি-এজেন্ট নেই। একটি অ্যাম্বুলেন্স ছিল তাও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্বাস্থ্যকেন্দ্রের নার্স ও কর্মচারীদের আবাসিক সুবিধা নেই। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ, কলেরা ইত্যাদি বিভাগ রয়েছে। তবে এক্স-রে বিভাগটির অবস্থা একেবারেই শোচনীয়। দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরেই অকেজো। স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ৮ জন ডাক্তার রয়েছে। এত অল্পসংখ্যক ডাক্তারের পক্ষে সকল রোগীকে চিকিৎসা সেবা দেওয়াও বেশ কষ্টকর; বিশেষ করে যেদিন রোগীর চাপ বেশি থাকে সেদিন রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পায় না। এমতাবস্থায় উপর্যুক্ত সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার দেখা স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
উত্তর