'খাদ্যে ভেজাল: কারণ ও প্রতিকার' বিষয়ে একটি প্রতিবেদন লেখো।
উত্তর: খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও এর প্রতিকার নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া, ৫ অক্টোবর ২০২৬। মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো খাবার গ্রহণ করে জীবন ধারণ করে। বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। তাই জীবনধারণের তাগিদে তারা নানারকম উপাদেয় খাদ্যবস্তু গ্রহণ করে। চাল, ডাল, আটা, তেল, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস প্রতিটি খাবারের মধ্যে কোনো না কোনো পুষ্টিগুণ রয়েছে, যাতে করে মানুষ খাবার গ্রহণের মধ্য দিয়ে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক প্রক্রিয়ায় জীবনধারণে সক্ষম হয়। কিন্তু বর্তমানে আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে ভেজালমুক্ত খাবার দুর্লভ হয়ে পড়েছে। বাজার থেকে যেকোনো খাদ্যবস্তু কিনতে গেলে আগেই ভেজালের প্রসঙ্গ চলে আসে। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে নিজ স্বার্থ চরিতার্থে নিয়োজিত রয়েছে। তারা কিছু খাদ্যদ্রব্য যেমন: মাছ, সবজি, ফলমূল ইত্যাদি জাতীয় খাদ্যদ্রব্যে কার্বাইড, ফরমালিন, ক্লোরিন নামক কেমিক্যাল ব্যবহার করে দীর্ঘসময় খাদ্যবস্তুগুলোর রং ও ঔজ্জ্বল্য ধরে রাখতে সচেষ্ট থাকে। এক অর্থে বলা যায়, ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা প্রকৃত খাদ্যদ্রব্যের পরিবর্তে বিষ গ্রহণ করছি। ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে বিভিন্ন প্রকার রোগ দেখা দিচ্ছে। যে ব্যবসায়ীরা এ ধরনের অসৎ কর্মের সঙ্গে নিজেদের নিয়োজিত রেখেছেন তারাও এর কুফলের বাইরে নন। খাদ্যদ্রব্যে এসব ভেজালের কারণ অনুসন্ধান করে দেখা যায় এর পিছনে দায়ী-অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের লোভ, পরিমাপে কম দেওয়া এবং সবজি, মাছ, ফলমূল ইত্যাদি খাদ্যদ্রব্যের পচনরোধ করা। খাদ্যে ভেজাল প্রতিরোধে বিশেষজ্ঞ ব্যক্তি ও সুধীমহলের সঙ্গে কথা বলে বোঝা গেছে, নৈতিক মূল্যবোধ ও সর্বস্তরের সচেতনতাই পারে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। তাই সরকারি মহল কর্তৃক প্রতিনিয়ত বাজার ও কারখানা তদারকি করতে হবে যাতে করে অসাধু ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যে অখাদ্য বস্তু মিশিয়ে ওজনে কম দিতে না পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করতে হবে। বিএসটিআইতে লোকবল বাড়াতে হবে। তাহলেই ভোক্তাগণ স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য বাজার থেকে ক্রয় করতে পারবে এবং খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো রোধ করা যাবে।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
'খাদ্যে ভেজাল: কারণ ও প্রতিকার' বিষয়ে একটি প্রতিবেদন লেখো।
উত্তর