আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় 'নারীশিক্ষার গুরুত্ব' বিষয়ে একটি ভাষণ তৈরি করো।
উত্তর: 'নারীশিক্ষার গুরুত্ব' শীর্ষক ভাষণ মাননীয় সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় আলোচকমণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ- আপনাদের সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তর্জাতিক নারী দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিবসে আয়োজিত সচেতনতামূলক সভায় 'নারীশিক্ষার গুরুত্ব' শীর্ষক বিষয়ে কিছু বলার সুযোগ পেয়ে আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধী শিক্ষা জাতির মেরুদণ্ড এবং উন্নয়নের প্রধান চাবিকাঠি। একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের সমাজের একটি বড়ো অংশ আজও নারীশিক্ষাকে গৌণ মনে করে। অথচ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, 'আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেবো।' তাঁর এই উক্তিটিই প্রমাণ করে একটি জাতির ভবিষ্যৎ গঠনে নারীর শিক্ষা কতটা শক্তিশালী ভূমিকা রাখে। মা শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়, আর একটি শিক্ষিত পরিবারই পারে একটি উন্নত রাষ্ট্র উপহার দিতে। প্রিয় উপস্থিতি নারীশিক্ষা কেবল অক্ষরজ্ঞান লাভ বা পরীক্ষার সনদ অর্জন নয়; এটি নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বিতা ও আত্মমর্যাদার মূল রক্ষাকবচ। একজন শিক্ষিত নারী তাঁর নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। শিক্ষা নারীকে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, লিঙ্গবৈষম্য ও পারিবারিক নির্যাতনের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে শক্তি জোগায়। বর্তমানে আমাদের দেশের নারীরা শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশল এবং এমনকি মহাকাশ গবেষণাতেও সাফল্যের স্বাক্ষর রাখছেন। শিক্ষা নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ দেখায়, যা তাকে পরিবারের সিদ্ধান্তের অংশীদার হতে ও আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। সুধীমণ্ডলী আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল জনশক্তিকে অশিক্ষিত রাখা মানে উন্নয়নের চাকাকে স্থবির করে দেওয়া। নারীশিক্ষায় বিনিয়োগ হলো যেকোনো দেশের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষিত মায়েরা তাঁদের সন্তানদের সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকেন, ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পায়। এছাড়া একটি পরিবারের দারিদ্র্য বিমোচনে শিক্ষিত নারীর আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপস্থিত গুণিজন বাংলাদেশ সরকার নারীশিক্ষার প্রসারে উপবৃত্তি প্রদান ও বিনামূল্যে বই বিতরণের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তবে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। অনেক ক্ষেত্রে পারিবারিক গোঁড়ামি ও নিরাপত্তার অভাবে মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। এই বাধাগুলো দূর করতে হবে। কন্যাশিশুকে অবহেলা না করে তাকে সমান সুযোগ দিয়ে বড়ো করে তোলা প্রতিটি অভিভাবকের পবিত্র দায়িত্ব। পরিশেষে বলতে চাই, নারী শিক্ষায় বিনিয়োগ হোক আগামীর উজ্জ্বল বাংলাদেশের প্রতিশ্রুতি। আসুন, এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা দৃঢ় শপথ গ্রহণ 'করি-কোনো কন্যাশিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। নারীদের শিক্ষিত ও দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে আমরা সবাই মিলে একটি আধুনিক, কুসংস্কারমুক্ত ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলব। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় 'নারীশিক্ষার গুরুত্ব' বিষয়ে একটি ভাষণ তৈরি করো।
উত্তর