মনে করো, তুমি আসিফ। 'দৈনিক যুগান্তর' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। 'অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা'- শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর: অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা স্টাফ রিপোর্টার ॥'দৈনিক যুগান্তর'॥রাজশাহী॥ ২৩ জুন ২০২৩। অগ্নিকাণ্ড একটি আতঙ্কের নাম। বর্তমানে আশঙ্কাজনকহারে অগ্নিকান্ডের ঘটনা বেড়ে চলেছে। বিপন্ন হচ্ছে জনজীবন। বৈদ্যুতিক শর্টসার্কিট ও গ্যাসের চুলা থেকে অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এছাড়া জ্বলন্ত সিগারেট যত্রতত্র ছুড়ে ফেলা, মশার কয়েল, মোমবাতি, গ্যাস সিলিন্ডার, রাসায়নিক দ্রব্য, মানহীন বৈদ্যুতিক তার, তারের অব্যবস্থাপনা, গ্যাস লাইনে লিকেজ প্রভৃতি কারণেও অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকে। বর্তমানে গ্যাস ও বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় অগ্নিকান্ডের ঘটনাও বেড়ে চলেছে। পত্রিকার পাতা খুললেই এখন দেশের বিভিন্ন জায়গার অগ্নিকান্ডের সংবাদ চোখে পড়ে। শুষ্ক মৌসুমে অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটে থাকে। এছাড়া এ মৌসুমে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। নগরায়ণের ফলে পুকুর, জলাশয় ভরাট করে ফেলায় আগুন নেভানো অনেক সময় দুরূহ হয়ে পড়ে। অপরিকল্পিত নগরায়ণের ফলে অনেক সময় সরু পথে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করানোর উপায় না থাকায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অগ্নিকাণ্ডে কেবল জীবনই না; ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদও। আবাসিক ভবন, স্থাপনা, মালামালসহ কোটি কোটি টাকার সম্পদ অগ্নিকান্ডে ধ্বংস হচ্ছে। অসচেতনতা, অপ্রতুল দক্ষ জনবল, অব্যবস্থাপনার কারণে দিনকে দিন অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। তাই কার্যকরী পদক্ষেপ গ্রহণের এখনই সময়। অগ্নিকাণ্ডের আগাম বার্তা পাওয়া সম্ভব নয় তাই পূর্ব, সতর্কতা ও সচেতনতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমনে এ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম ও দক্ষ জনবল নিয়োগ এখন সময়ের দাবি। এক্ষেত্রে টেকসই ব্যবস্থাপনাও খুব জরুরি। শিল্প প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হলে জীবন ও সম্পদ সুরক্ষিত থাকবে। বাসা-বাড়িতে গ্যাসের চুলা ব্যবহারে অধিক সতর্ক হতে হবে। গ্যাস ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ এক্ষেত্রে সুফল বয়ে আনবে। অগ্নিকাণ্ডের অধিকাংশ দুর্ঘটনা মনুষ্যসৃষ্ট। তাই জনসচেতনতা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে জনগণের অধিক সচেতনতা প্রয়োজন। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। টেলিভিশন, রেডিও এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভয়াবহতা উল্লেখ করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের নাম্বার জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সর্বোপরি, জনসচেতনতাই অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রধান হাতিয়ার হয়ে উঠতে পারে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি আসিফ। 'দৈনিক যুগান্তর' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। 'অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা'- শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর