উদ্দীপকে উল্লিখিত সারটি হলো অণুজীব সার। অণুজীব সার ভালো ফসল উৎপাদনে সহায়ক। নিচে তা ব্যাখ্যা করা হলো- অণুজীব সারের অণুজীব ব্যাকটেরিয়াসমূহ বাতাসের নাইট্রোজেন মাটিতে সংবন্ধন করে। এতে মাটির উর্বরতা বাড়ে ও গাছে তার শিকড়ের মাধ্যমে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে বৃদ্ধি ত্বরান্বিত করে। কিছু অণুজীবের উপস্থিতিতে মাটিতে থাকা অদ্রবণীয় ফসফেট দ্রবীভূত হয় ও গাছের জন্য তা গ্রহণোপযোগী হয়। ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অণুজীব সার ফসলকে বেশ কিছু মাটিবাহিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে । তাছাড়া যেসব জমিতে জীবাণু সার প্রয়োগ করা হয় সেসব জমিতে উৎপাদিত ফসলের তুলনামূলকভাবে খরা সহনশীলতা বৃদ্ধি পায়। অণুজীব সার মাটিতে জৈব পদার্থ যোগ করে। এতে মাটির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষা হয়। এছাড়াও অণুজীব সার মাটির পানি ধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
এ সকল আলোচনা থেকে বুঝা যায়, ভালো ফসল উৎপাদনে অণুজীব সার বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।