চিত্র-১ এ প্রদর্শিত সমাবেশটি হলো কৃষক সভা বা উঠোন বৈঠক । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে কোনো সদস্য কৃষকের বাড়ির উঠোনে যে বৈঠক করে তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। কৃষক সভা বা উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকরা যেভাবে কৃষির তথ্য ও সেবা পায় তা নিচে • আলোচনা করা হলো—
কৃষকদের সমস্যা নিরূপণের পাশাপাশি সমাধানের জন্য উঠোন বৈঠক কৃষি সম্প্রসারণ কর্মধারার একটি কৌশল। এক্ষেত্রে মাঠ দিবস, প্রদর্শনী স্থাপন ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কৃষকদের সাথে আলোচনা করে তথ্য ও সেবা দেওয়া হয়। উঠোন বৈঠকে ২৫-৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের উদ্ভূত সমস্যাগুলো যাতে তারা একে অপরের সাথে বিনিময় করতে পারেন সেজন্য উঠোন বৈঠক করা হয়। এর ফলে অন্য কৃষকেরা তাদের বিভিন্ন সমস্যা (যেমন— প্রাকৃতিক দুর্যোগ, রোগপোকা দমন ইত্যাদি) সমাধানের উপায় বা সমস্যা এড়ানোর কৌশল জানতে পারেন। এছাড়া অনেক সময় এমন সব সমস্যার উদ্ভব হয়, যা একজন কৃষকের একার পক্ষে সমাধান করা সম্ভব হয় না। কিন্তু সম্মিলিতভাবে কৃষকেরা এ সমস্যার সমাধান করতে পারেন। বিভিন্ন নতুন কৃষিপ্রযুক্তি সংক্রান্ত আলোচনাও উঠোন বৈঠকে হয়ে থাকে। সাধারণত এলাকারই ১-২ জন কৃষক এ বৈঠকে প্রতিনিধি হয়ে থাকেন। উঠোন বৈঠকে কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে বিভিন্ন বিষয় চিহ্নিতকরণ ও সমাধানযোগ্য পরামর্শ পাওয়া যায়। এতে সমস্যা সমাধানের পাশাপাশি কৃষকদের জ্ঞান ও তথ্য আরও সমৃদ্ধ হয় ।