উদ্দীপকের পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলগুলো যথাক্রমে ফ্লোরিন (F), ক্লোরিন (CI), ব্রোমিন (Br) ও আয়োডিন (I)। এই মৌলগুলোর সোডিয়াম লবণগুলো যথাক্রমে সোডিয়াম ফ্লোরাইড (NaF), সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম ব্রোমাইড (NaBr) ও সোডিয়াম আয়োডাইড (Nal)। এদের গলণাঙ্কের ক্রম ফাজানের পোলারায়ন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায়।
ফাজানের পোলারায়ন নিয়ম অনুসারে, যৌগে ক্যাটায়নের আকার ও চার্জ সমান কিন্তু অ্যানায়নের আকার যতো বেশি হয়, তার পোলারায়িত হওয়ার প্রবণতা ততো বেশি হয়। অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের গড় দূরত্ব বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনের উপর অ্যানায়নে নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তখন ক্যাটায়ন সহজেই পোলারায়িত করতে পারে। প্রদত্ত যৌগগুলোর অ্যানায়নসমূহের পোলারায়িত হওয়ার প্রবণতার ক্রম নিম্নরূপ:
F- < Cl- < Br- < I-
আবার, কোনো আয়নিক যৌগে পোলারায়ন যতো বেশি হবে সেই যৌগে সমযোজী ধর্ম ততো বেশি হবে এবং ফলস্বরূপ গলণাঙ্ক ততো হ্রাস পাবে। কাজেই উদ্দীপকের সোডিয়াম লবণগুলোর গলণাঙ্কের ক্রম হবে নিম্নরূপ:
NaF > NaCl > NaBr > Nal