উদ্দীপকের A, B ও M মৌল তিনটির পারমানবিক সংখ্যা যথাক্রমে 6, 14 ও 17। সুতরাং মৌল A, B, M তিনটি হলো কার্বন (C), সিলিকন (Si) ও ক্লোরিন (Cl) এবং AM4 ও BM4 যৌগদ্বয় যথাক্রমে CCl4 ও SiCl4। CCl4 ও SiCl4 এর সাথে পানির বিক্রিয়াকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলে।
এখানে SiCl4 আর্দ্রবিশ্লেষিত হয় কিন্তু CCl4 আর্দ্রবিশ্লেষিত হয় না। এর কারণ আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া কৌশলের মধ্যে নিহিত। কোন যৌগের আর্দ্র বিশ্লেষণ ঘটার সময় প্রথম পদক্ষেপ হচ্ছে- পানির অণু তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা একটি সন্নিবেশ বন্ধন গঠন।
SiCl4 এর আর্দ্রবিশ্লেষণের সময় পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে সিলিকন পরমাণুর ফাঁকা d অরবিটালের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অন্তবর্তী যৌগ গঠিত হয়।
এরূপে চার ধাপে পানির সাথে বিক্রিয়ায় SiCl4 এর চারটি Cl পরমাণু চারটি -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে।
SiCl4 + 4H - OH→ Si(OH)4 + 4HCl
যেহেতু, সিলিকন ৩য় পর্যায়ের মৌল সেহেতু তার শূন্য 3d অরবিটাল আছে, যেখানে পানি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া সম্ভব। অন্য কথায় Si এর পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব।
অন্যদিকে ২য় পর্যায়ের মৌল কার্বনে এরূপ ফাঁকা d অরবিটাল নেই। তাই H2O কর্তৃক যোগান ও শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া এখানে সম্ভব নয়। ফলে C সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। তাই CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না।