"ফের আসুক, আদরে রাখব যদ্দিন থাকে।"- কথাটি মাসি বলেছে কৈলাশকে আহ্লাদির স্বামী জগুর শ্বশুরবাড়ি আসা প্রসঙ্গে।
'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তা সত্ত্বেও তারা মাতৃস্নেহে আহ্লাদিকে আগলে রাখে অত্যাচারী স্বামী জগু এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে। যৌতুকলোভী জগু মাসি-পিসির কাছে কৈলাশের মাধ্যমে খবর পাঠায় আহ্লাদি সম্পর্কে। কৈলাশ জানায় যে জগু নেশা ছেড়ে দিয়েছে। সে আর আগের জগু নেই। এখন সে বউকে নিতে চায়। তাই কৈলাশ মাসি-পিসিকে বলে- "আমি বলি কী, নিজেরা যেচে এবার পাঠিয়ে দেও মেয়াকে।" তখন মাসি তাকে জানায়, পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে, কলকেপোড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়িবাঁধা হয়ে থাকতে তারা মেয়ে পাঠাবে না। তবে আহ্লাদির স্বামী যদি ফের আসে তাহলে তাকে তারা আদর-যত্ন করবে। কারণ বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো। প্রশ্নোক্ত কথাটিতে এটাই বোঝানো হয়েছে।