উদ্দীপকে ডাঃ রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। চিকিৎসাক্ষেত্র ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। নিচে শিক্ষা, গবেষণা ও ব্যবসা বাণিজ্যে এই প্রযুক্তির ব্যবহার উল্লেখ করা হলো-
শিক্ষাক্ষেত্রে : ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজেই উপস্থাপন করা যায়। ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ, চিত্তাকর্ষক ও আনন্দদায়ক হয় । এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগৎ এর গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠনপ্রকৃতি, গতিবিধি, প্রাণের উপস্থিতি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।
গবেষণায় : গবেষণা ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দৃশ্যমান গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায়। এছাড়া, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ধারণা লাভ করা যায়। ব্যবসায়-বাণিজ্যে : ব্যবসায়-বাণিজ্যে 'ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে। কোনো যন্ত্র বা উৎপাদিত পণ্যের গুণগত মান, গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাইকরণ, যন্ত্র বা পণ্যের ক্ষতিকর দিক নিরূপণ, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া ক্রেতা ও ভোক্তার কাছে পণ্য ব্যবহারের পদ্ধতি, সুবিধাদি ও ঝুঁকি ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে উপস্থাপন করা হয়।
উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়-বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির বহুল ব্যবহার বিদ্যমান।