উদ্দীপকে ফাহিম তার ল্যাপটপের ডেটা ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেটের সাথে যুক্ত যে স্টোরেজ সেবা ব্যবহার করে এবং যেখানে ডেটা আপলোড রাখে, সেই সেবাটি হলো ক্লাউড কম্পিউটিং। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন-- নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে, চাহিবামাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। এটি অবকাঠামোগত, প্লাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোন ধরনের সফটওয়্যার বসানো হবে, কীভাবে কাজ চালানো হবে, কম্পিউটারগুলো কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে। এ পরিসেবায় ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে Google docs দিয়ে মাইক্রোসফ্ট অফিসের প্রায় সব কাজ করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারীর যত সুবিধা প্রয়োজন হয় সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারে, এতে ক্রেতার আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সবসময় ব্যবহার করা যায়। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল, যার দ্বারা, ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়েই উপকৃত হন।