Device-1 যেহেতু MAC অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়- সুতরাং এটি হলো সুইচ। অপরদিকে Device-2 প্রতিটি ডিভাইসে সিগন্যাল ব্রডকাস্ট করে- সুতরাং এটি হলো হাব। হাবের সাথে সুইচ এর তুলনামূলক সুবিধা নিচে ব্যাখ্যা করা হলো-
হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। অন্যদিকে সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব ও সুইচ-এর কাজ প্রায় এক হলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রেই হাব-এর পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ হলো হাব ও সুইচ উভয়ই বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল থেকে আসা ক্যাবলগুলোকে সংযুক্ত করে। কিন্তু সুইচ এক্ষেত্রে অধিক বুদ্ধিমান যন্ত্র হিসেবে কাজ করে। হাবের মতো এটি কেবল সংকেতগুলোকে ব্রডকাস্ট না করে বরং দুর্বল সংকেতগুলোকে অধিক শক্তিশালী করে তোলে। এছাড়াও এটি প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট তথ্য কেবল সুনির্দিষ্ট কম্পিউটারেই প্রেরণ করে। এর ফলে ডেটা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। হাবের ক্ষেত্রে ডেটা একসাথে কেবল একদিকে যেতে পারে (Half duplex) কিন্তু সুইচের মাধ্যমে একই সাথে ডেটা পাঠানো ও গ্রহণ করা সম্ভব (Full-duplex) হয়। এজন্যই হাব-এর পরিবর্তে সুইচ ব্যবহার অধিক সুবিধাজনক।