উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের কাহিনি মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সেই গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে অসাধু ধর্মব্যবসায়ী মজিদ নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। তাই শিক্ষিত যুবক আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে চায়।
উদ্দীপকে দেখা যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অম্বলপুর গ্রাম ও আশেপাশের মানুষজন শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকেছে। তাদের অজ্ঞতা ও অসচেতনতার সুযোগে গ্রামের মোড়ল কাশেম মিঞা দিনের পর দিন তাদের শোষণ করে নিজের স্বার্থসিদ্ধি করে আসছে। এই অসংগতির বিপরীতে দাঁড়িয়ে সচেতন ও শিক্ষিত যুবক সাজেদুল গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। 'লালসালু' উপন্যাসেও মহব্বতনগর গ্রামের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আক্কাস একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় তার গ্রামের মানুষগুলো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মজিদের মতো ধর্মব্যবসায়ী ও ভণ্ডদের যেন পরিহার করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।