"উদ্দীপকের, বক্তব্য 'লালসালু' উপন্যাসের খণ্ডাংশ মাত্র।"- মন্তব্যটি যথার্থ।
পুরুষতান্ত্রিক সমাজে নারীকে অবলা ভেবে তাদের সাথে অনেকেই অন্যায় আচরণ করে। প্রথম স্ত্রী ঘরে রেখে সন্তান লাভের দোহাই দিয়ে অনেকে দ্বিতীয় বউ ঘরে আনে। এক্ষেত্রে অনেকে লালসার বশেই এ কাজটি করে থাকে।
উদ্দীপকে কাজল সাহেবের মধ্যে সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করে একটি সংকটময় পরিস্থিতিতে পড়তে দেখা যায়। দ্বিতীয় বউয়ের জন্য পিরের পড়া পানি খাওয়াতে গেলে তার কাছ থেকে তাকে হুমকির সম্মুখীন হতে হয়। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যেও জমিলাকে বিয়ে করে একটি সংকটময় পরিস্থিতিতে পড়তে দেখা যায়। সন্তান ও সুখের আশায় সে জমিলাকে বিয়ে করলেও জমিলা তার কোনো আদেশ-নিষেধ না মেনে তাকে বিড়ম্বনায় ফেলে দেয়। এই দিকটি উপন্যাসের শুধু একটি খণ্ডিত অংশ। কেননা উপন্যাসে আরও অনেক বিচিত্র ঘটনা রয়েছে, যেগুলো উদ্দীপকে নেই।
'লালসালু' উপন্যাসে মজিদের দ্বিতীয় বিয়ে ছাড়াও দেশ-কাল সমাজ বাস্তবতা, যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব, গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ধর্মব্যবসায়ীদের প্রতারণা, শিক্ষিত যুবক আক্কাসের আধুনিক চিন্তা ও মজিদের নিষ্ঠুরতা ইত্যাদি আরও কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।