উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য থাকলেও পরিপূরক নয়।- মন্তব্যটি যথার্থ।
কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ সমাজে অশিক্ষা, কুশিক্ষা, নিরক্ষরতা, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি বিদ্যমান। এছাড়াও নানান হাসি-আনন্দ ও জটিলতা দেখতে পাওয়া যায়। এছাড়া গ্রামীণ সমাজে চতুর ধর্মব্যবসায়ীরা সহজ-সরল গ্রামবাসীদের ওপর নানাভাবে আধিপত্য বিস্তার করে।
উদ্দীপকে বহু বিবাহের প্রসঙ্গে বলা হয়েছে। এগারো-বারো বছরে সকিনার বিয়ে হয়। কয়েক বছরেও সন্তান না হওয়ায় তার স্বামী জুলেখাকে বিয়ে করে। সন্তান কামনায় এই ধরনের বিয়ে সংঘটিত হতে দেখা যায়। এর পেছনে অজ্ঞতা ও কুসংস্কারের ভূমিকা রয়েছে। গ্রামীণ জীবনের এই দিকটি 'লালসালু' উপন্যাসেও দেখা যায়। তবে 'লালসালু' উপন্যাসে অশিক্ষিত ও ধর্মভীরু মানুষের গ্রামীণ জীবন, শোষক ও শোষিত শ্রেণির জীবনাচার, সামাজিক রীতিনীতি প্রভৃতি উত্থাপিত হয়েছে।
'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী ও জোতদারদের শোষণ দেখানো হয়েছে। উদ্দীপকে এ ধরনের বিষয়ের প্রতিফলন ঘটেনি। উদ্দীপকে কেবল একাধিক বিয়ে এবং তাদের মিলেমিশে থাকার বিষয় রয়েছে। এখানে কেবল উপন্যাসের একটি দিক বিদ্যমান। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।