• 'আঠারো বছর বয়স' কবিতার মূল বক্তব্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।- মন্তব্যটি যথোপযুক্ত।
• তারুণ্যশক্তি দুর্বার, অকপট, দুঃসাহসী। এই অদম্য, দুঃসাহসী তরুণদের আত্মত্যাগ হওয়া উচিত কল্যাণকর ও দেশসেবামূলক। সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হতে পারলেই তারুণ্যশক্তির জয় হবে।
• তারুণ্যশক্তির অসীম সাহসিকতা, দুর্বার বেগে আগামীর পথে এগিয়ে যাওয়ার সক্ষমতাকে উদ্দীপকে তুলে ধরা হয়েছে। তারা যেকোনো বন্ধুর পথ পাড়ি দিতে ভয় পায় না। সকল জরাজীর্ণতা, বাধা-বিপত্তি তাদের কাছে তুচ্ছ। অপার প্রাণশক্তিতে ভরপুর এই তরুণদের সাহসী পদক্ষেপ নেওয়ার সক্ষমতার পেছনে রয়েছে তাদের বয়সের তারুণ্য তাদের এই দুঃসাহস ও আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত প্রাণশক্তির কাছে মহাকালও যেন হার মেনে যায়। 'আঠারো বছর বয়স' কবিতায়ও একই মন্ত্র উচ্চারিত হয়েছে।
• 'আঠারো বছর বয়স' কবিতায় কবি কৈশোর থেকে যৌবনে পদার্পণের সেই বয়সের কথা বলেছেন, যে বয়স উত্তেজনা, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে ভরপুর। এ বয়সে যেমন নানা দুর্যোগ, মন্ত্রণা আসে, তেমনই এ বয়স সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহসও রাখে। এ বয়সেই তাদের মধ্যে জাগ্রত হয় সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবিলার অদম্য প্রাণশক্তি। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার মূল্য বক্তব্য একই সূত্রে গাঁথা।