উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তার মধ্যে প্রিয়জন হারানোর বেদনায় কাতর হওয়ার দিক দিয়ে ঐক্য দেখা যায়।
প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। মানুষের জীবনে প্রিয়জনের স্মৃতি অমলিন থাকে। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবনধারা বদলে গেলেও সেই স্মৃতি বদলায় না।
উদ্দীপকে প্রাণবন্ত ঈশিতা চারদিকে কোলাহলমুখর, আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও সে যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। তিন বছর আগে হারানো মায়ের স্মৃতি আজও তার মনকে বেদনাচ্ছন্ন করে রেখেছে। তাই উৎসবের দিনের রূপময় প্রকৃতি ও উৎসব প্রাঙ্গণের বর্ণিল সাজ কোনো কিছুই তার মনকে আকৃষ্ট করতে পারছে না। অন্যদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীত ঋতুতে প্রাণাধিক প্রিয় স্বামী হারানোর শোকও ভুলতে পারছেন না। এ জন্য প্রকৃতিতে বসন্ত তার সব সৌন্দর্য নিয়ে হাজির হলেও কবির সেদিকে খেয়াল নেই। উদাসীন কবি বসন্তকে বরণ করতে কোনো বন্দনাগীতি রচনা করছেন না। কবিও প্রিয়জন হারিয়ে বেদনাহত। এদিক দিয়ে উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তা অভিন্ন।