স্বজন হারানোর বেদনাবিধুর অনুভূতির দিক থেকে উদ্দীপকের সবুজ সাহেবের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর শোকে কাতর কবি তাঁর ব্যক্তিমনের দুঃখবোধের প্রকাশ ঘটিয়েছেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়েছেন যে, প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে তা সাড়া জাগাতে পারছে না। শীতের রিক্ততার মতো কবির মনেও প্রিয়জন হারানোর রিক্ততা বিরাজমান ।
উদ্দীপকের সবুজ সাহেব একজন কবি। সাধারণত প্রতিবছরই বইমেলায় তাঁর কবিতার বই বের হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। একমাত্ৰ পুত্ৰ ফয়সালের মৃত্যুশোকে তিনি কাতর। এই হৃদয়বিদারক ঘটনা তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, এবারের বইমেলায় তিনি কোনো বইয়ের পাণ্ডুলিপিই প্রস্তুত করতে পারেননি। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি ও একইরূপ হৃদয়যাতনার শিকার। প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত প্রস্থান তাঁকে বিষণ্ণ করে তুলেছে। আর তাই একদা বসন্ত-বন্দনায় নিমগ্ন কবি আজ বসন্তের আগমন বিষয়ে অবগত নন। অর্থাৎ 'তাহারেই পড়ে মনে' কবিতা এবং উদ্দীপকের কবিদ্বয়ের মনোযাতনা একই। এদিক থেকে উদ্দীপকের সবুজ সাহেবের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।