উদ্দীপকের সচেতন জনগোষ্ঠী 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের প্রতিনিধিত্ব করে।
দেশপ্রেমিক মানুষ সব সময় দেশ ও জনগণের জন্য চিন্তা করেন। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেন। দেশপ্রেমিকের প্রদর্শিত পথে চললে জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
উদ্দীপকে দেখা যায়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থান্বেষী কর্মকাণ্ডের বিরোধিতা করেন সচেতন জনগোষ্ঠী। অধিক লাভের জন্য ফসলি জমিতে মেশিন বসিয়ে ভূগর্ভস্থ পাথর উত্তোলন করে অসাধু ব্যবসায়ীরা, যাতে করে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এলাকার সচেতন জনগোষ্ঠী দেশের স্বার্থে এই কাজে বাধা দিলে ব্যবসায়ীদের সঙ্গে তাদের বিরোধ বাধে। তাদের এই আদর্শের মিল রয়েছে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার আদর্শের সঙ্গে। তারা 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের প্রতিনিধিত্ব করেছে উদ্দীপকে। নবাব সিরাজ ছিলেন একজন দেশপ্রেমিক নেতা। তিনি সব সময় দেশ ও জনগণের মঙ্গল চিন্তা করতেন। ইংরেজ বেনিয়ারা এ দেশের মানুষের জান-মালের হুমকি হয়ে উঠলে তিনি কঠোর হাতে তাদের দমনের উদ্যোগ নেন। এ দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করে জাতিকে একটি দুশ্চিন্তামুক্ত জীবনের নিশ্চয়তাদানে সচেষ্ট ছিলেন। নবাবের এই আদর্শের সঙ্গে উদ্দীপকের সচেতন জনগোষ্ঠীর আদর্শের মিল পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সচেতন জনগোষ্ঠী 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের প্রতিনিধিত্ব করে।