'আমার পথ' নামক প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সত্য বিশ্বাসে বিকশিত প্রাণ প্রাচুর্যে পূর্ণ এক আমি সত্তাকে প্রকাশ করেছেন। যার মূলে আছে মানুষের মুক্তি তথা সব মানুষের কল্যাণ আর শুভ পরিণাম।
পৃথিবীতে নানা মত আর পথ আছে, আছে নানা বিশ্বাস আর ধর্মবোধ। তবে এগুলোর মধ্যে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম। মানুষ যখন এই মানব ধর্মকে সবার ওপরে স্থান দেবে, সব ভুল থেকে বেরিয়ে আসবে, চিন্তা হবে কল্যাণকামী আর মানবপ্রেমী তবেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। মানুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। গোটা মানুষ সমাজকে ঐক্যবদ্ধ করা তখনই সম্ভব হবে যখন ঐক্যের মূল হবে এ মানুষ ধর্ম। কাজী নজরুল ইসলাম এই দিকটিই আমাদের সামনে তুলে ধরেছেন।