উদ্দীপকে হামজার কার্যক্রম উৎপাদনের সংগঠন উপাদানের কার্যক্রমকে নির্দেশ করে। কেননা হামজার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে শিল্প প্রতিষ্ঠানটির সুনাম দেশে ছড়িয়ে পড়ে। যা উৎপাদনের উপাদানের মধ্যকার সংগঠনের বৈশিষ্ট্য বহন করে। উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ যেমন- ভূমি, শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় সাধন এবং কারবার পরিচালনার কাজকে সংগঠন বলা হয়। কারবারের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ, কারবার প্রতিষ্ঠা, ব্যবসায়ের তত্ত্বাবধান ও ঝুঁকি বহন প্রভৃতি দায়িত্ব সম্পাদনের কাজকেই সংগঠন বলে। অধ্যাপক' হ্যানি বলেন, "কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন প্রক্রিয়াকে সংগঠন বলা হয়।" সংগঠন উৎপাদনের এমন একটি সক্রিয় উপাদান, যা উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপাদানকে ক্রিয়াশীল ও উৎপাদনক্ষম করে তোলে। আধুনিক উৎপাদন ব্যবস্থা ক্রমান্বয়ে বড় ও জটিল হয়ে পড়ায় সেখানে প্রযুক্তির ব্যবহার, যন্ত্রপাতি ও জনবল নির্বাচন, শ্রমবিভাগ প্রবর্তন, বিনিয়োগ নির্ধারণ ও শ্রমিক- মালিক সম্পর্ক প্রভৃতি বিষয়ের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদানরূপে বিবেচিত হয়।
সুতরাং দেখা যায়, হামজার কার্যক্রমে উৎপাদনের সংগঠন উপাদানের কার্যক্রম ফুটে উঠেছে।