উদ্দীপকের বর্ণনায় উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি প্রতিফলিত হয়েছে।
সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। এ কারণে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথমে চাই সুষ্ঠু পরিকল্পনা। আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সমাজতাত্ত্বিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও উন্নয়ন পরিকল্পনায় কোনো দেশের সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ ইত্যাদির প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার তা সমাজবিজ্ঞান আলোচনা করে।
উদ্দীপকে দেখা যায়, শাওনদের গ্রামে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানে মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বাড়লেও গ্রামবাসীর মানসিকতার উন্নয়ন হয়নি। তাছাড়া নারী শিক্ষার প্রতি তাদের এখনও অনীহা রয়েছে। শাওনের গ্রামের এ সমস্যাগুলোর সমাধানে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞানের পাঠ সহায়ক হতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি ফুটে উঠেছে।