উদ্দীপকের রতন মিয়ার ঢাকা আসার পেছনে সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে দায়ী করা যায়।
অনেক সময় প্রাকৃতিক কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন, নদীভাঙন, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, নির্দিষ্ট এলাকার আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের জীবনব্যবস্থায়ও পরিবর্তন আসে। উদাহরণ হিসেবে বলা যায়, নদী ভাঙন, ভূমিকম্প, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অনেক মানুষই ভারসাম্যহীন এ পরিবেশে জীবনযাপন করতে পারে না। বাধ্য হয়ে তাদের অনেকেই জীবনধারণের জন্য নতুন কোনো স্থানে যায়। সাধারণত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের বড় একটি অংশ শহরে পাড়ি জমায়। যেমনটি উদ্দীপকের রতন মিয়ার ক্ষেত্রে ঘটেছে।
উদ্দীপকে লক্ষণীয়, রতন মিয়া নদীর করালগ্রাসে সর্বস্ব হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় আসেন। তার ঢাকায় আসার পেছনে সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক কারণকে দায়ী করা যায়, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে রতন মিয়া শহরমুখী হয়েছেন।