উদ্দীপকে ফাতেমার অধ্যয়নের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে।রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। এছাড়াও সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব, রাজনৈতিক দল, চাপসৃষ্টিকারী দল, গোষ্ঠী প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্যতম প্রধান বিষয়। রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিবর্তন, কার্যক্রম, সরকারের ধরন, প্রশাসক, নির্বাচন, রাজনৈতিক আন্দোলন, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই স্বতন্ত্র শাখা যা সমাজের রাজনৈতিক বিষয়াবলি অধ্যয়ন করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে।উদ্দীপকের ফাতেমা এমন একটি বিষয়ে অধ্যয়ন করে যা রাষ্ট্র, সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং পূর্বোক্ত আলোচনার ধারাবাহিকতায় একথা বলা যায় যে, ফাতেমার পঠিত বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করেছে।