উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয় তথা সামাজিক দল প্রত্যয়টি সামাজিক বন্ধন স্থাপনে ব্যাপক গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। নিচে তা বিশ্লেষণ করা হলো :
বিভিন্ন প্রতিষ্ঠান বা সামাজিক দলের মধ্যকার আন্তঃসম্পর্কের ভিত্তিতে সৃষ্ট হয় সামাজিক বন্ধন। আর সামাজিক বন্ধন ব্যতীত পারস্পরিক সম্পর্ক ব্যাপকতা লাভ করে না। যেহেতু সমাজ হল নানা ধরনের প্রথা প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাসকারী একদল মানুষের সমষ্টি, সেহেতু সামাজিক বন্ধন স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক দলের ভূমিকা পালন করে। তাই যে ব্যক্তি যত বেশি সামাজিক দলের সাথে সম্পৃক্ত তার সামাজিক বন্ধন তত দৃঢ় হয়।
পরস্পরের সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি হচ্ছে দল। সমাজে বিভিন্ন প্রকার দল রয়েছে। যেমন– রাষ্ট্র, পরিবার, প্রতিবেশী, রাজনৈতিক দল, গ্রাম, সম্প্রদায়, সামাজিক শ্রেণী, ক্লাব, সমিতি ইত্যাদি। এর মধ্যে কোনো কোনো দলে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বা জন্মগতভাবে সদস্য হয়। যেমন পরিবার, রাষ্ট্র, সম্প্রদায় ইত্যাদি। আবার কোনো কোনো দলে ব্যক্তি নিজের ইচ্ছায় অনুসারে সদস্য হয়। যেমন সমিতি, ক্রীড়া সংঘ ইত্যাদি। তবে উভয় দলই কোনো না কোনভাবে ব্যক্তিকে সমাজের সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়নের সহায়তা করে ব্যক্তি যত বেশি দলের সদস্য হতে পারে তত বেশি মানুষের সাথে তার পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে। ফলে স্বাভাবিকভাবেই নতুন সামাজিক বন্ধন সৃষ্টি হয় এবং বিদ্যমান বন্ধন অধিক মজবুত হয়।
সুতরাং বলা যায় যে, সমাজে বিদ্যমান সামাজিক দলসমূহ ব্যক্তির সামাজিক বন্ধন স্থাপনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে।