ঘটনা-১ এ শব্দের কারণ হিসেবে বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ চমকানোই শব্দের কারণ। এখানে মূলত কারণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কারণের গুণগত বৈশিষ্টসমূহ নিম্নরূপ: প্রথমত, কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। তাই কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। দ্বিতীয়ত, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ আগে আসে এবং কার্য পরে আসে। তৃতীয়ত, কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থ্যাৎ যে পূর্ববর্তী ঘটনাকে সবসময় কার্যের আগে দেখা যায় তাকেই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে আর সেটাই আসলে কার্যের কারণ। চতুর্থত, কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে সেটিই হচ্ছে কারণ। পঞ্চমত, কারণ হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ অনেকগুলো পূর্ববর্তী ঘটনার মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটিই হচ্ছে কার্যের প্রকৃত কারণ। মূলত এগুলোই কারণের গুনগত বৈশিষ্ট্য।