উদ্দীপকের দ্বিতীয় বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক বিধেয়কের সম্পর্ক। আর বিধেয়ের সাথে বিধেয়কের বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।
উদ্দীপকের দ্বিতীয় বাক্যে উপস্থাপন করা হয়েছে যে, মানুষ হয় হাস্যপ্রিয়'। এখানে মানুষ' ও 'হাস্যপ্রিয়' এই দুটি পদের মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, এখানে 'মানুষ' কে হাস্যপ্রিয় শ্রেণির অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়েছে। 'হাস্যপ্রিয়' গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অংশ নয় বা পদটির জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না। তাই 'হাস্যপ্রিয়' গুণটি 'মানুষ' পদের অবান্তর লক্ষণ। অর্থাৎ, উদ্দীপকের দ্বিতীয় বাক্যের মাধ্যমে বিধেয়ক প্রকাশিত হয়েছে। বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক, অন্যদিকে বিধেয় হলো একটি পদ। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে যেসব সম্পর্ক থাকতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। অন্যদিকে, কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। সকল প্রকার যুক্তিবাক্যে বিধেয় থাকে। অন্যদিকে, কেবল সদর্থক যুক্তিবাক্যেই বিধেয়ক থাকে, নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। তাই বিধেয়কের চেয়ে বিধেয়ের পরিধি ব্যাপক। বিধেয় পদ বিধেয়কের ওপর নির্ভর করে না কিন্তু কোনো বিধেয়ককে বিধেয় পদের ওপর নির্ভর করতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, বিধেয়ক ও বিধেয়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।