দৃশ্যকল্প-১ আরোহ অনুমানকে নির্দেশ করে।
যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। যথা— ১. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও ২. কার্যকারণ নিয়ম । আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন— কামাল, হাসান, তুহিন প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে যখন সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, 'নীল ফুল হয় সুন্দর, লাল ফুল হয় সুন্দর, সাদা ফুল হয় সুন্দর, অতএব, সকল ফুল হয় সুন্দর।' এই যুক্তিটির ক্ষেত্রে, এখানে নীল, লাল ও সাদা ফুলের সুন্দর হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যে, সকল ফুল হয় সুন্দর। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে। অর্থাৎ, আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ উল্লেখিত যুক্তিটি আরোহ অনুমানের একটি উদাহরণ।